মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার বেরইল চাঁদপুর গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মাগুরা সদর থানা সূত্রে জানা যায়, গ্রামের আদিবাসীপল্লীর আরতী বিশ্বাসের স্বামী বিনয় বিশ্বাস বছর পাঁচেক আগে তাঁকে রেখে ভারতে চলে যান। পরে প্রতিবেশী বাগানী বিশ্বাসের সঙ্গে আরতীর সম্পর্ক হয়। বাগানী বিবাহিত এবং তাঁর একটি সন্তান রয়েছে। প্রায় এক মাস আগে আরতী ও বাগানী বিয়ে করেন। এ নিয়ে আদিবাসীপল্লীতে উত্তেজনা চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস বৈঠক হয়।এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে বাগানীর প্রথম স্ত্রী সাবিত্রীর ভাইসহ কয়েকজন মিলে আরতীর পরিবারের ওপর হামলা চালান। এতে আরতীর ভাই রামগোপাল বিশ্বাসসহ তিনজন আহত হন। আহত ব্যক্তিদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে রামগোপাল মারা যান। এ ব্যাপারে দুই পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকেই সবাই পলাতক রয়েছে।