মাগুরায় দেয়াল চাপায় নিহত ২
মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে দেয়ালচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন সিরাজুল ইসলাম খান (৬১) ও নুরুল ইসলাম খানের স্ত্রী লাভলী খাতুন (৪৫)। লাভলী সিরাজুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, সিরাজুল ইসলাম খান তাঁর ছোট ভাই নুরুল ইসলাম খানের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। তাঁদের বাড়ির একটি ঘরের কিছু অংশে ইটের পাকা দেয়াল এবং কিছু অংশে মাটির কাঁচা দেয়াল ছিল। প্রায় দেড় মাস আগে সংস্কারের জন্য ওই ঘরের টিনের চালা খুলে ফেলা হয়। গতকাল সকালে ওই ঘর লাগোয়া রান্নাঘরে বসে খাবার খাচ্ছিলেন সিরাজুল। তাঁকে খাবার পরিবেশন করছিলেন লাভলী। হঠাৎ করে পাশের ইটের দেয়ালটি রান্নাঘরের ওপর েভঙে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই লাভলী মারা যান। গুরুতর আহত সিরাজুলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।