মাগুরায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কলেজপাড়ায় এক গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবুল কালাম (৩০)। তাঁর বাড়ি মাগুরা শহরের জামরুলতলা এলাকায়। পুলিশের কাছে তিনি নিজেকে এনজিওকর্মী বলে পরিচয় দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনাটি গতকাল শুক্রবার বিকেলে জানাজানি হয়।
পুলিশের ভাষ্য, আবুল কালাম নামে ওই ব্যক্তি কলেজপাড়ায় একটি ভাড়া বাড়িতে সপরিবারে বাস করেন। তাঁর স্ত্রী একটি এনজিওতে চাকরি করেন। তাঁর সন্তানসম্ভবা স্ত্রী মাস খানেক আগে বাবার বাড়ি গেছেন। এরপর থেকে কালাম বাড়িতে একা থাকতেন।
পুলিশের দাবি, গত বৃহস্পতিবার বিকেলে ১৫ বছর বয়সী পাশের বাড়ির এক গৃহপরিচারিকা কালামের বাসায় আসে। তিনি তাকে কৌশলে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহপরিচারিকার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় তাঁরা কালামকে আটক করে পুলিশে দেন।
পরে ওই গৃহপরিচারিকা যে বাসায় কাজ করে, সেই বাসার গৃহকর্তা বাদী হয়ে মহম্মদপুর থানায় কালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পুলিশ ওই দিন রাতেই কালামকে গ্রেপ্তার দেখায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কিছুটা অপ্রকৃতিস্থ বলে মনে হয়েছে। ওই গৃহপরিচারিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।