মাগুরায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী হাসপাতালে
মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের দুই যুবক গত শনিবার বিকেলে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে।স্কুলছাত্রীকে গুরুতর আহত অবস্থায় ওই দিন সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় গতকাল রোববার শিশুটির বাবা বাদী হয়ে গোয়ালবাড়ী গ্রামের প্রোল্লাদ (২৬, স্নাতক পাস) ও একই গ্রামের মৃদুলের (২৫) বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, শিশুটি শনিবার বিকেল পাঁচটার দিকে মাঠে বেঁধে রাখা ছাগল আনতে যায়। এ সময় গ্রামের দুই তরুণ প্রোল্লাদ ও মৃদুল তাকে মরিচখেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। মেয়েটির বাবা জানান, গতকাল রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির অপারেশন হয়েছে। সে এখনো শঙ্কামুক্ত নয়।