মাগুরায় নির্বাচন অফিসে ককটেল, আহত ৩
মাগুরা জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আজ রোববার রাতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে অজ্ঞাত দৃষ্কৃতকারীরা অতর্কিতে শহরের স্টেডিয়ামের পাশে নির্বাচন কমিশন কার্যালয়ের তিন দিকে বাইরে থেকে হামলা চালায়। হামলাকারীরা ১০-১৫টি ককটেল ও ইটপাটকেল ছোড়ে। এতে কার্যালয়ের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। হামলার সময় ওই কার্যালয়ের ভেতরে পুলিশের পাহারা ছিল। ককটেলের স্প্লিন্টার ও কাচের আঘাতে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক মো. হুমায়ুন, কনস্টেবল মো. তারিক ও নির্বাচন কমিশন কার্যালয়ের অফিস সহকারী গোলাম মোস্তফা সামান্য আহত হন। তাঁদের মধ্যে এএসআই হুমায়ুন ও কনস্টেবল তারিক মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাহেব আলী পাঠান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ আটটি ফাঁকা গুলি ছুড়েছে। তবে ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি।’