মাগুরায় পরিবার পরিকল্পনার জনবল নিয়োগে স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটা না মানায় মাগুরা পরিবার পরিকল্পনা বিভাগে জনবল নিয়োগের ওপর অস্থায়ী স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল বুধবার ওই স্থগিতাদেশ দেন। পাশাপাশি মুক্তিযোদ্ধার সংরক্ষিত কোটায় রিট আবেদনকারী বিশ্বজিৎ বিশ্বাসকে কেন নিয়োগ দেওয়া হবে না—দুই সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুলনিশি জারি করেছেন হাইকোর্ট। অভিযোগে জানা যায়, মাগুরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগে জনবল নিয়োগে গত বছরের মাঝামার্িঝ সময়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু পরবর্তী নিয়োগ-প্রক্রিয়ায় নানা অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষিত মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা না মেনে নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করে। রিটকারী ও নিয়োগবঞ্চিত বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘আমার বাবা শ্রী রমেন্দ্রনাথ বিশ্বাস মুক্তিযোদ্ধা ছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি মৌখিক পরীক্ষায় অংশ নিই। কিন্তু পরবর্তী সময়ে আমাকে নিয়োগ-প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়।’ অথচ কোটা পূরণ করতে হলে তিনি চাকরি পাওয়ার যোগ্য।