মাগুরায় পাঁচতলা থেকে পড়ে ভারতীয় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় নাগরিক গোবিন্দ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
ভারতীয় নাগরিক গোবিন্দ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

মাগুরা শহরের নতুন বাজার থেকে আজ শনিবার সকালে গোবিন্দ ভট্টাচার্য (৩০) নামের এক ভারতীয় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়ে তিনি মারা যান। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতের মধ্যমগ্রাম এলাকার ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল আটটার দিকে ওই এলাকার কাজী টাওয়ারের পঞ্চম তলার বাথরুমের ভেন্টিলেটর থেকে দড়ি বেয়ে নিচে নামতে গিয়ে ওই ব্যক্তি পড়ে যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় গোবিন্দর ব্যবসায়িক অংশীদার মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামের সরফরাজ নেওয়াজকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ব্যবসায়িক কারণে গোবিন্দর কাছে সরফরাজ প্রায় আট লাখ টাকা পান। ওই টাকা আদায়ের জন্য তাঁকে ওই বাসায় আটক করে রাখা হয়েছিল। সকালে সেখান থেকে পালাতে গিয়ে গোবিন্দের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

ভবনের তত্ত্বাবধানকারী নুরুল আমিন আজ সকালে প্রথম আলোকে বলেন, তিন দিন আগে সরফরাজ ও তাঁর বন্ধু সামির কাজী টাওয়ার নামে ছয়তলা ওই ভবনের পাঁচ তলার একটি ফ্লাট ভাড়া নেন। বাড়ি ভাড়ার ফরম পূরণ করে গতকাল শুক্রবার পর্যন্ত তাঁরা জমা দেননি। সরফরাজের বাড়ি ওই ভবন থেকে অল্প দূরে।

আটকের পর সকালে সরফরাজ প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় থাকি। তৈরি পোশাকের ব্যবসা করি। ব্যবসায়িক কারণে ছয়-সাত মাস আগে ভারতীয় ব্যবসায়ী গোবিন্দর সঙ্গে ঢাকায় আমার পরিচয় হয়। তাঁর সঙ্গে ব্যবসা করছিলাম। এখন প্রায় আট লাখ টাকা পাব। ওই টাকা না দিয়ে তিনি ঘোরাচ্ছিলেন। ছয় দিন আগে তিনি মাগুরায় এসে আমার বাড়িতে ওঠেন। পরে ওই ভাড়া বাড়িতে ওঠেন। গোবিন্দ টাকা আনার জন্য ভারতে তাঁর বাড়িতে যোগাযোগ করছিলেন। রাতে দুজন ঘুমিয়ে ছিলাম। সকালে পুলিশ এসে আমাকে ডেকে তোলে।’

জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হোসেন আল মাহবুব প্রথম আলোকে বলেন, ‘আমরা সকালে গিয়ে সরফরাজকে ঘুমন্ত অবস্থায় পেয়েছি। ভারতীয় ওই ব্যক্তি পালাতে গিয়ে মারা গেছেন বলে ধারণা করা যাচ্ছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরাও তা–ই বলেছেন। ওই ব্যক্তিকে ভেতরে বেঁধে রাখারও কোনো আলামত পাইনি। বেঁধে রাখলে তিনি পালাতে পারতেন না। তবে সেখানে পাওনা টাকা আদায়ের জন্য তাঁকে আটকে রাখা হয়েছিল, এমন তথ্য পাওয়া গেছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সরফরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি। ওই ব্যক্তি ভারতীয় নাগরিক হলেও পাসপোর্ট, আইডি কার্ড বা তাঁর কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। তাঁর খোঁজ নিতেও কেউ আসেনি।