মাগুরায় পাটের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারে গত শনিবার রাতে পাঁচটি পাটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পাটসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রাজাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, রাত পৌনে নয়টার দিকে ওই বাজারের একটি পাটগুদামে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের ব্যবসায়ী আনোয়ার মোল্লার গুদামঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পাশের চারটি গুদামে ছড়িয়ে পড়ে। মাগুরা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে দুটি গুদামঘর সম্পূর্ণ এবং বাকিগুলো আংশিক ভস্মীভূত হয়। এ ছাড়া মাহবুব বিশ্বাস নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানঘরটিও পুড়ে গেছে।রাজাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সরকার বলেন, পাঁচটি গুদামঘরের মধ্যে রফিক মোল্লা ও ওসমান মেম্বারের গুদামঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। গুদামগুলোতে তিন সহস্রাধিক মণ পাটসহ চাল, ডাল, তামাক, চিটাগুড়, ধনিয়া ও বিভিন্ন মাল ছিল। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুদ্দৌজা বলেন, ‘ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’