পুলিশের বিশেষ অভিযানের সময় গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ ওঠায় মাগুরা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিমাইচন্দ্র দেবনাথকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।
তবে অভিযুক্ত এসআই নিমাইচন্দ্র দাবি করেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি জানতেন। একজন সহকারী উপপরিদর্শক (এএসআই), পুলিশ ফোর্সসহ তিনি ওই চারজনকে আটক করে থানায় নিয়ে আসেন। রাতে তাঁরা থানাহাজতেই ছিলেন। সকালে দুজন ইউপি চেয়ারম্যান ও সদস্যের মধ্যস্থতায় ওসি তাঁদের ছেড়ে দেন। তিনি বলেন, ‘কাউকে আটক করে থানায় আনার পর সব দায়িত্ব থানার ওসির। পানি নিচের দিকে গড়ায়। তাই আমি ফেঁসে যাচ্ছি।’
দেশব্যাপী পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চলাকালে মাগুরা সদর থানার এসআই নিমাইচন্দ্র দেবনাথের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ ওঠে। এ নিয়ে ১৮ জুন প্রথম আলোর প্রথম পাতায় ‘বিশেষত্ব হারিয়েছে বিশেষ অভিযান’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনের একাংশে উল্লেখ করা হয়, বিশেষ অভিযানের তৃতীয় দিন গত রোববার সন্ধ্যায় মাগুরা সদরের বেড় আকসি কাঠের পুল এলাকা থেকে চার ব্যক্তিকে আটক করে পুলিশ। পরদিন স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা ঘুষ দিয়ে তাঁরা থানা থেকে ছাড়া পান। ঘুষ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ ওঠে নিমাইচন্দ্র দেবনাথের বিরুদ্ধে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ওই প্রতিবেদনটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্তে ঘটনার শতভাগ সত্যতা পাওয়া গেছে। তবে এখনো প্রতিবেদন দাখিল করা হয়নি।
থানার হাজতখানা থেকে ঘুষ নিয়ে কাউকে ছেড়ে দেওয়ার দায়িত্ব থানার ওসির ওপর বর্তায় কি না জিজ্ঞাসা করা হলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ওই ব্যাপারে ওসিকে আমি জিজ্ঞাসা করেছি। তিনি কাউকে আটক বা ছেড়ে দেওয়ার ব্যাপারে কিছুই জানেন না বলে আমাকে জানিয়েছেন।’