মাগুরায় পোকা দমনে জনপ্রিয় 'আলোর ফাঁদ'
মাগুরায় আমন ও সবজিখেতের ক্ষতিকর পোকামাকড় দমনে ব্যবহার হচ্ছে ‘আলোর ফাঁদ’। পরিবেশবান্ধব ও খরচ কম হওয়ায় কৃষকেরা এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চারটি উপজেলায় এ বছর ৫৮ হাজার ২৬৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। জেলার ৩৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে কৃষি ব্লক ১০৯টি। এসব ব্লকে কৃষকেরা প্রায় ২০০টি আলোর ফাঁদ স্থাপন করেছেন। সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিনা মূল্যে এই ফাঁদ স্থাপনে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। সেপ্টেম্বর থেকে নভেম্বর—তিন মাস পোকামাকড়ের উপদ্রব থাকে বেশি। মূলত রাতে আলোর ফাঁদ এবং দিনে সরেজমিনে খেত পরিদর্শন করে কোনো ধরনের পোকা আক্রমণ করছে এবং কী ব্যবস্থা নিতে হবে, তা নির্ণয় করা হয়।
কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকেরা বলেন, সন্ধ্যার পর খেতের পাশে অথবা আইলে ফাঁদ হিসেবে বাতি জ্বালানো হয়। বাতির নিচে পাত্রে সাবান, ডিটারজেন্ট অথবা কেরোসিন মেশানো পানি রাখা হয়। আলো দেখে পোকামাকড় পাত্রের কাছে আসে। ওড়াউড়ি করতে গিয়ে পাত্রের পানিতে পড়ে।
সম্প্রতি মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে গিয়ে দেখা যায়, আমনখেতের পাশে কয়েকটি আলোর ফাঁদ বসানো হয়েছে। বাতির নিচে পানিতে পড়ে আছে বিভিন্ন ধরনের পোকামাকড়। এই গ্রামের কৃষক কদম আলী বিশ্বাস বলেন, ‘দুই বিঘা জমির আমন ধান রোপণ করেছি। গত মাসের শুরুতে খেতে বিভিন্ন পোকার আক্রমণ দেখা দেয়। কৃষি বিভাগের পরামর্শে আলোর ফাঁদ স্থাপন করে ভালো ফল পাচ্ছি।’
শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের তিলখড়ি গ্রামের কৃষক রঞ্জিত বিশ্বাস ও মিলন মৃধা বলেন, আমনখেতের জন্য ক্ষতিকর পোকা দমনে আলোর ফাঁদ ভালো কাজ দিচ্ছে। কৃষি বিভাগের লোকজন এটি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
এদিকে গত ২৪ অক্টোবর শ্রীপুর উপজেলার কালীনগর মাঠে এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান। এ সময় তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, চলতি আমন মৌসুমে সারা দেশে ৪৭ হাজার আলোর ফাঁদ স্থাপন করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় উপপরিচালক পার্থ প্রতীম সাহা বলেন, গত বছর এ জেলায় আলোর ফাঁদের ব্যবহার সীমিত চিল। কৃষক উপকৃত হওয়ায় এবার তা বিস্তৃতি লাভ করেছে। ফাঁদে পড়ে ক্ষতিকর পোকামাকড় মারা যাচ্ছে। এই পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।