মাগুরায় প্রতিপক্ষের হামলায় তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের নোমানী ময়দানে পানি উন্নয়ন বোর্ডের পদ্মা রেস্টহাউস এলাকায় গতকাল রোববার দুপুরে আল আমিন (২৪) নামে এক তরুণ প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ শহরের নিজনান্দুয়ালি গ্রামের তুষার নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে।মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন জানান, বিশিষ্ট রাজনীতিক ও সাবেক সাংসদ আছাদুজ্জামানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় নোমানী ময়দানে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা চলছিল। এ সময় পাশে পানি উন্নয়ন বোর্ডের পদ্মা রেস্টহাউসের মধ্যে ওই সভায় আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য রান্নাবান্না চলছিল। বেলা পৌনে দুইটার দিকে পদ্মা রেস্টহাউসের মধ্যে প্রতিপক্ষরা আল আমিনের বুকে ডেগার দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহত আল আমিন মাগুরা শহরের তাঁতীপাড়ার হাসু মোল্লার ছেলে। তিনি আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকযাত্রা ও আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন। মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় মাগুরার দুই সাংসদ মোহাম্মদ সিরাজুল আকবর ও বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ওই তরুণ খুন হওয়ার প্রায় এক ঘণ্টা পর আলোচনা সভা শেষ হয়। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা অমর প্রসাদ বিশ্বাস বলেন, বেলা একটা ৫০ মিনিটে তিন-চারজন যুবক একটি লাশ হাসপাতালে এনে ফেলে রেখে চলে যান। নিহত তরুণের বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে।