মাগুরায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আ.লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মার্চ মাগুরায় জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা সফল করতে গতকাল বৃহস্পতিবার প্রতিনিধি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ মার্চ মাগুরা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল স্থানীয় নোমানী ময়দানে প্রতিনিধি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ আবদুর রহমান। অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নওফেল চৌধুরী, এস এম কামাল হোসেন, পারভিন জাহান কল্পনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহ্হাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে মাগুরার সাবেক সাংসদ মো. সিরাজুল আকবরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, জনসভায় অংশগ্রহণ ছাড়াও প্রধানমন্ত্রী মাগুরায় নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতাল ভবন, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম, মাগুরা-ঝিনাইদহ সড়কের রামনগর থেকে আবালপুর পর্যন্ত ৮ কিলোমিটার চার লেনে উন্নীতকরণসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।