মাগুরায় বখাটের ছোড়া এসিডে মা-মেয়ে দগ্ধ!
মাগুরায় এক মা ও তাঁর শিশুকন্যা এসিডদগ্ধ হয়েছে। অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় মাগুরা শহরের ঋষিপাড়ায় গত শনিবার রাতে বখাটেরা এসিড ছুড়ে মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মা-মেয়েকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিডদগ্ধ নারী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উদ্দিন খান প্রথম আলোকে জানান, তিনি মাগুরা শহরের ঋষিপাড়ায় তাঁর পাঁচ বছরের একমাত্র শিশুকন্যাকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। তাঁর স্বামী একটি মামলায় জেলহাজতে আটক রয়েছেন। তিনি সদর হাসপাতালের সামনের একটি হোটেলে পরিচারিকার কাজ করেন। বেশ কিছুদিন ধরে ইমরান (২৪) নামে ঋষিপাড়ার এক বখাটে তরুণ তাঁকে উত্ত্যক্ত করছে। খারাপ প্রস্তাবে সাড়া না দেওয়ায় সপ্তাহখানেক আগে ইমরান তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। শুক্রবার রাতে ইমরান জানালা দিয়ে এসিড ছুড়ে মারে। মাগুরা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট নিতাই পদ বিশ্বাস গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, মা-মেয়ে দুজনেরই মুখ, বুক ও গলার বাম পাশের একাংশ ঝলসে গেছে। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষার আগে মা ও মেয়ে এসিডদগ্ধ হয়েছে কি না, বলা যাচ্ছে না। তবে রাসায়নিক কোনো কিছু দিয়ে ঝলসে দেওয়া হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আমরা পরীক্ষার আগে একে ‘কেমিক্যাল বার্ন’ বলি।