মাগুরায় বখাটের বিরুদ্ধে মেয়ের বাবা ও চাচাকে কোপানোর অভিযোগ
মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় গত মঙ্গলবার রাতে দুই ভাইয়ের ওপর সশস্ত্র হামলা হয়েছে। তাঁরা এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মোতালেব হোসেন (৪০) ও তাঁর ভাই মাসুদ শেখ (৩৫)।আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, মোতালেবের মেয়েকে বিয়ে করতে না পেরে একই এলাকার বখাটে যুবক ফুল মিয়া (২২) ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কোপায়।মাগুরা সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক নিতাই চন্দ্র বিশ্বাস বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মোতালেবের ডান হাতের কবজির কাছে হাতের দুটি হাড়ই কেটে গেছে। হাতটি কেটে ফেলতে হতে পারে।হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ শেখ বলেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ির অদূরে নবগঙ্গা নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে ফুল মিয়া অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়।মোতালেবের স্ত্রী নূরজাহান বেগমের ভাষ্য, এলাকার আবদুর রশীদ বিশ্বাসের বখাটে ছেলে ফুল মিয়া অনেক দিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মাস দুয়েক আগে মেয়েকে তাঁরা শালিখা উপজেলার দীঘল গ্রামে মামার বাড়িতে রেখে বিয়ে দেন। গত মাসের শেষ সপ্তাহে মেয়েকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ খবর শুনে ক্ষিপ্ত হয়ে ফুল মিয়া তাঁদের হুমকি দিয়ে আসছিল।মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার ফারুক আহমেদ বলেন, মেয়েটিকে ফুল মিয়া উত্ত্যক্ত করত বলে তিনি এলাকার লোকজনের কাছে শুনেছেন।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ফুল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।