মাগুরায় বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার ভায়নায় আজ শনিবার যাত্রীবাহী বাস উল্টে রাকিবুল ইসলাম (২৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাত্রীবাহী বাসটি মাগুরা থেকে যশোর যাচ্ছিল। আজ সকাল পৌনে আটটার দিকে মাগুরা-যশোর সড়কের ভায়নায় টেক্সটাইল মিলের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে রাকিবুল ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে ভর্তি ছয়জনের মধ্যে প্রণব সাহা (৩৫) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।

এসআই বলেন, নিহত রাকিবুল মার্কেন্টাইল ব্যাংকের ফিল্ড অফিসার ছিলেন। তিনি যশোর শহরে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। তাঁর বাড়ি মাগুরার ওমেদপুর গ্রামে।

চালকের সহকারী বাসটি চালাচ্ছিলেন জানিয়ে এসআই তারিকুল বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।