মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজার এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকচালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৪০)। বাড়ি শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামে। তাঁর বাবার নাম মোসলেম বিশ্বাস।
হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মশিউর রহমান জানান, সীমাখালী বাজার এলাকায় মাগুরা-যশোর সড়কের পাশে ট্রাকটিতে খড়ি বোঝাই করা হচ্ছিল। এ সময় চালক মনিরুল তাঁর আসনে ঘুমাচ্ছিলেন। ভোর সোয়া চারটার দিকে খুলনাগামী ঈগল পরিবহনের একটি নৈশকোচ ট্রাকটিকে সামনের দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মনিরুল নিহত হন।
ট্রাক ও বাসটি আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে গিয়ে বাসের চালক বা যাত্রীদের পাওয়া যায়নি। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।