মাগুরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত
মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজের সামনে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শালিখার নাঘোষা গ্রামের শরিফুল ইসলামের ছেলে আতিক হাসান (২৬) ও তাঁর শ্যালিকা যশোরের বাঘারপাড়ার কবির হোসেনের মেয়ে সাথী আক্তার (১৬)।
মাগুরা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আতিক হাসান নাঘোষা গ্রামের বাড়ি থেকে শ্যালিকা সাথী আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে যশোরের বাঘারপাড়ায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে আড়পাড়া ডিগ্রি কলেজের সামনে মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে খুলনা থেকে ফরিদপুরগামী শাহজাহান পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দুপুর পর্যন্ত মামলা হয়নি।