মাগুরায় বিএনপিকে সংবাদ সম্মেলন করতে দেয়নি পুলিশ
মাগুরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করতে দেয়নি পুলিশ। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অজুহাত দেখিয়ে ওই সংবাদ সম্মেলন বন্ধ করে দেয় পুলিশ।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গতকাল বেলা সাড়ে তিনটায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডাকে। এর আগে তারা সংবাদ সম্মেলনের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। পুলিশ মৌখিকভাবে অনুমতিও দেয়। পরে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে লিখিত আবেদনও করা হয়। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অজুহাত দেখিয়ে গত বৃহস্পতিবার রাতে পুলিশ ওই সংবাদ সম্মেলন বন্ধ করে দেয়।
এদিকে কেন্দ্রীয় কমিটি মাগুরা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে গত সোমবার ওই আহ্বায়ক কমিটি গঠন করে। আহ্বায়ক কমিটিকে দুই মাসের মধ্যে সম্মেলন করে জেলা কমিটি গঠনের জন্য বলা হয়। ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সহম্পাদক সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলী আহমেদকে সদস্যসচিব করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি কবীর মুরাদকে ১ নম্বর সদস্য রাখা হয়। কমিটি গঠনের পরদিন গত মঙ্গলবার দুপুরে কবীর মুরাদের পারনান্দুয়ালী গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেন বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা। তবে কবীর মুরাদ ওই সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন না।
জেলা বিএনপির আহ্বায়ক নিতাই রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এখন বাক্স্বাধীনতা বলে কিছু নেই। বাকশালের আমলকেও সরকার হার মানিয়েছে। আমরা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন ডেকেছিলাম। তা-ও বন্ধ করে দিল পুলিশ। এটা অত্যন্ত দুঃখজনক। সংবাদ সম্মেলন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটি ছিল নতুন আহ্বায়ক কমিটির পরিচিতিমূলক অনুষ্ঠান। সেটাও করতে দিল না পুলিশ। এই হলো গণতান্ত্রিক সরকার।’