মাগুরায় বিএনপির এক পক্ষের সভা অন্য পক্ষের প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় গতকাল মঙ্গলবার বিএনপির এক পক্ষ কর্মিসভা করেছে। অপর পক্ষ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিমা রহমানের সফরকে কেন্দ্র করে এক পক্ষ গতকাল সকালে সদর উপজেলার কুছুন্দি হাইস্কুল মাঠে এবং অপর পক্ষ বিকেলে মহম্মদপুর উপজেলার বাবুখালী হাইস্কুল মাঠে কর্মিসভা আহ্বান করায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হুদা ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।সকালে জেলা বিএনপির অনুমোদিত কমিটি ১৪৪ ধারা জারির কারণে কুছুন্দি হাইস্কুল মাঠে কর্মিসভা করতে না পেরে দুুপুরে রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সভা করে এক পক্ষ। সেখানে সেলিমা রহমান বক্তব্য দেন। বিকেল সাড়ে চারটায় বিএনপির এ পক্ষটি কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরীর বাড়ির পাশে হাটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মিসভা করছিল। তবে অন্য পক্ষ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। এ প্রসঙ্গে বিদ্রোহী পক্ষের নেতা মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের অনুরোধে সংঘাত এড়াতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। কিন্তু বিএনপির বর্তমান অগণতান্ত্রিক কমিটি বাতিল করা না হলে ভবিষ্যতে কেন্দ্রীয় কোনো নেতাকেই মহম্মদপুরে ঢুকতে দেওয়া হবে না। বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমান গতকাল প্রথম আলোকে বলেন, দলের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ থাকবেই। সব ঠিক হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্রের ধারা পছন্দ করে না বলেই ১৪৪ ধারা দিয়ে কর্মিসভা বানচালের চেষ্টা করেছে। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে কর্মিসভা হচ্ছে। সেখানে ১৪৪ ধারা জারির কোনো প্রয়োজন ছিল না।