মাগুরায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার রাতে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সক্রিয় ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় ডাকা হরতালের সমর্থনে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে বিএনপির দলীয় কার্যালয় থেকে যুবদলের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গী মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে ভায়না মোড়ে যাওয়ার পথে ছাত্রলীগের সশস্ত্র নেতা-কর্মীরা হামলা চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন। এ সময় ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল করে পুলিশের সামনে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নেভান। এ ঘটনার প্রতিবাদে যুব ও ছাত্রদলের কিছু নেতা-কর্মী রাত পৌনে নয়টার দিকে শহরের ভায়না মোড় এলাকায় একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। আগুনে বিএনপির কার্যালয়ের আসবাব পুড়ে গেছে। কিছু আসবাব ভাঙচুর করা অবস্থায় ছিল। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আছাদুজ্জামান বলেন, ‘বিএনপির কার্যালয়ে আগুনের কোনো খবর শুনিনি। তবে গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার বাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম চোপদার, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিমসহ বেশ কয়েকজন যুব ও ছাত্রদলের নেতাকে আসামি করেছেন।’জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের কথা অস্বীকার করে বলেন, ওই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। যুবদলের সভাপতি আলমগীর হোসেন বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সশস্ত্র নেতা-কর্মীরা হামলা চালান। তাঁরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।