মাগুরায় বিএনপির দুই পক্ষ এখন এক মঞ্চে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই বদলে গেছে দুই ধারায় বিভক্ত মাগুরা জেলা বিএনপির রাজনীতি। কমিটি গঠন নিয়ে বিরোধিতায় জড়িয়ে পড়া জেলা বিএনপির দুই পক্ষ এখন একসঙ্গে আন্দোলন করছে। অথচ কিছুদিন আগেও এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ছিল মারমুখী ও সোচ্চার। ১২ মার্চের মহাসমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে এখন দুই পক্ষ ঐক্যবদ্ধ। বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুন্সী শহিদুল ইসলাম বলেন, ‘মূলত বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদের মধ্যে কোনো বিরোধ নেই। বিরোধ যা আছে তা নেতৃত্ব পর্যায়ে। ব্যক্তি নয়, আগামীতে দেশ ও দলের স্বার্থে ওই সমস্যা থাকবে না। সে প্রক্রিয়াও শুরু হয়েছে। আমরা এতে খুব খুশি।’মাগুরা বিএনপির বিবদমান দুই পক্ষ ২০০৯ সালের ২৫ নভেম্বর পৃথক সম্মেলনের মাধ্যমে দুটি কমিটি গঠন করে। এক পক্ষ কবীর মুরাদকে সভাপতি ও আলী আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচন করে। অপর পক্ষ মোকাদ্দেস হোসেনকে সভাপতি ও ইকবাল আক্তারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে। পরে কেন্দ্রীয় কমিটি কবীর মুরাদ ও আলী আহমেদের কমিটিকে অনুমোদন দেয়।