মাগুরায় বোমাসদৃশ চারটি বস্তু উদ্ধার
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঢুষরাইল গ্রামের একটি মাদ্রাসার পাশ থেকে পুলিশ গতকাল বুধবার বোমাসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী বলছেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে ফাঁসাতে কেউ কেউ সেগুলো রেখেছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢুষরাইল গ্রামের আনোয়ারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পেছনের ঝোপে গতকাল মাঝারি আকারের চারটি জর্দার কৌটা দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে পানিভর্তি বালতিতে রেখে দেয়। প্রতিটি কৌটা লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। টেপের ভেতর থেকে দুটি করে বৈদ্যুতিক তার বের করা। প্রতিটি কৌটার গায়ে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা বিল্লাল হোসেন মোল্লার মুঠোফোন নম্বর লিখে স্কচটেপ দিয়ে সাঁটানো আছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বোমাসদৃশ বস্তু চারটিকে বিস্ফোরক বলে মনে হয়নি। পানিতে ভিজিয়ে রাখার পর আস্তে আস্তে তা গলে গেছে।
স্থানীয় লোকজন বলছেন, বিল্লাল হোসেন মোল্লা ২০১০ সালে বাড়ির পাশের এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি নিজে এ মাদ্রাসার শিক্ষকও। কিছুদিন আগে মো. সাহাবুদ্দিন (১২) নামের মাদ্রাসার এক ছাত্রকে অন্যের গাছ থেকে আম পাড়ার অভিযোগে মারধর করা হয়। সাহাবুদ্দিন পাশের হরেকৃষ্ণপুর গ্রামের সৈয়দ শওকত আলীর ছেলে। মারধরের ঘটনায় সাহাবুদ্দিনের পরিবার বিল্লাল হোসেনের ওপর ক্ষুব্ধ ছিল। ওই ঘটনার জের ধরে বিল্লালকে হয়রানি করতে কেউ বোমাসদৃশ ওই বস্তু রাখতে পারে। তাতে বিল্লাল হোসেনের মুঠোফোন নম্বর সেঁটে দেওয়ায় সন্দেহ ঘনীভূত হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল সকালে সাহাবুদ্দিনের বাবা সৈয়দ শওকত আলীর মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিল্লাল হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে হয়রানি করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে।’ তবে তিনি এ ঘটনার জন্য কাউকে দোষারোপ করেননি।