মাগুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মাগুরার মহম্মদপুর উপজেলার কালিশংকরপুর গ্রামে গত বুধবার রাতে মন্নু মোল্লা (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের কর্মী মন্নু মোল্লা কালিশংকরপুর গ্রামের প্রয়াত আবদুর রহমান মোল্লার ছেলে।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মন্নু মোল্লা বুধবার রাতে কালিশংকরপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ওই সময় মোটরসাইকেলে বসা ছিলেন তাঁর ছোট ভাই হোসেন মোল্লা ও চাচাতো ভাই ওলিয়ার রহমান। রাত সাড়ে নয়টার দিকে গ্রামের মাহমুদ মোল্লার বাড়ির কাছে এলে সন্ত্রাসীরা রাস্তায় দড়ি রেখে মোটরসাইকেল থেকে তাঁদের ফেলে দেয়। সন্ত্রাসীরা পরে মন্নু মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ সময় মোটরসাইকেলে থাকা অন্য দুই ভাই পালিয়ে যান।ওসি আরও বলেন, মন্নু মোল্লা আওয়ামী লীগের কর্মী ছিলেন। তিনি পলাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলজার হোসেন মোল্লার সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এই পক্ষের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বিরোধ চলছে। ওই বিরোধের কারণে মন্নু মোল্লা খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।ওসি জানান, হত্যার ঘটনায় বিকেল পর্যন্ত মামলা হয়নি।