মাগুরায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা বড় মান্দারতলা এলাকায় গতকাল সোমবার রাতে কামরুল ইসলাম মুন্সী (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। দুর্বৃত্তরা গলা কেটে তাঁকে হত্যা করে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
কামরুলের বাড়ি জেলার সদর উপজেলার গোপাল গ্রামে। তিনি মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় পিটিআই সড়কে এম আর ব্রাদার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এক নিকটাত্মীয়ের সঙ্গে যৌথ মালিকানায় ব্যবসা করতেন।
পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে কামরুল ইসলাম একটি মোটরসাইকেলে করে শহর থেকে গোপাল গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বালিয়াডাঙ্গা বড় মান্দারতলা এলাকায় দৃর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে। তবে দৃর্বৃত্তরা মোটরসাইকেলটি নেয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম ‘প্রথম আলো’কে বলেন, সড়কের ওই এলাকায় মাঝেমধ্যে ডাকাতির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই করতে গেলে বাধা পেয়ে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে। এ ঘটনায় আপাতত চারজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি।