মাগুরায় ভোটকেন্দ্র থেকে পুলিশের অস্ত্র চুরি!
মাগুরার শালিখা উপজেলার বয়রা-গোবরা পঞ্চপল্লি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশ হেফাজত থেকে একটি চাইনিজ এসএমজি চুরি হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আগ্নেয়াস্ত্রসহ তিন পুলিশ কনস্টেবল ও ১২ জন আনসার সদস্য ছিলেন। নিয়মানুযায়ী ভোট অনুষ্ঠানের আগের দিন প্রিসাইডিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে অবস্থান নেন। সম্ভবত দায়িত্ব পালনকালে গত রাতের কোনো একসময় ওই আগ্নেয়াস্ত্রটি চুরি হয়। পরে ভোরে বিষয়টি ধরা পড়ে।
ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কনস্টেবলকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের একজনের নাম মো. শহিদুল ইসলাম। অন্যদের নাম জানা যায়নি। ভোটকেন্দ্রটি পুলিশের তালিকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে নথিভুক্ত।