মাগুরায় মধুমতীর ভাঙন প্রতিরোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতী নদীর ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে গত সোমবার মানববন্ধন করা হয়েছে। ভাঙনকবলিত ছয়টি গ্রামের মানুষ উপজেলার কাশিপুর এলাকায় এ কর্মসূচি পালন করে।স্থানীয় লোকজন জানান, মহমঞ্চদপুর উপজেলা সদরের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত মধুমতী নদীপারের কাশিপুর, রায়পুর, রুইজানি, গোপালনগর, জাঙ্গালিয়া ও ধুলজুড়ি গ্রাম অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে এ এলাকার পাঁচ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ, বাড়িঘর, মসজিদ, মন্দির, ফসলি জমি, হাটবাজার, গোরস্থান, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে।বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিরা ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে ভাঙলকবলিত ওই সব গ্রামের লোকজন সম্প্রতি ‘মধুমতী নদীর ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটি’ নামে একটি কমিটি গঠন করেছে। ওই সংগঠনের পক্ষ থেকে সোমবার মানববন্ধন করা হয়েছে।কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা তিলাম হোসেন বলেন, ‘নদীভাঙনে মধুমতী নদীর তীরবর্তী ছয়টি গ্রামের লোকজন অস্তিত্বসংকটে পড়েছে। আমরা এখন বাঁচা-মরার লড়াইয়ে নেমেছি। আমাদের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে কারও কোনো পদক্ষেপ নেই। আমরা সংগ্রাম কমিটি করেছি। মানববন্ধন করলাম। স্থানীয় সাংসদকে স্মারকলিপি দিয়েছি। এর পরও কোনো পদক্ষেপ নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।’ভাঙনকবলিত কাশিপুর গ্রামের ফুলবানু (৭০) বলেন, ‘আমাগের রিলিফির দরকার নেই। অন্য কোনো সাহায্যও চাইনে। শুধু আমাগের বাপ-দাদার ভিটে রক্ষার ব্যবস্থা করেন। মধুমতী নদীর ভাঙন থেকে আমাগের বাঁচান।’মধুমতী নদীর ভাঙনে ছয়টি গ্রামের লোকজনের দুর্দশার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাংসদ বীরেন শিকদার বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হয়েছে। ইতিমধ্যে পাউবো মাগুরা কার্যালয়ের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।’