মাগুরায় মাদকবিরোধী নাগরিক আন্দোলনের পথচলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় মাদকবিরোধী নাগরিক আন্দোলন শুরু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: কবির হোসেন
মাগুরায় মাদকবিরোধী নাগরিক আন্দোলন শুরু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: কবির হোসেন

মাদকের ভয়াল থাবা গ্রাস করেছে মাগুরার যুব সমাজকে। মাদকাসক্তেরা জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। মাদকাক্তদের অধিকাংশ যুবক। পাড়া-মহল্লায় মাদকাসক্ত ও বিক্রেতাদের অবাধ বিচরণের কারনে সাধারণ মানুষের পথচলা মুশকিল হয়ে পড়েছে। ছিনতাই ও চুরি নিত্য ঘটনা। কিন্তু এসব থেকে মুক্তির কোনো পথ নেই।
এ অবস্থায় আজ শুক্রবার সকালে মাগুরা শহরের মাদকপ্রবণ এলাকা দোয়ারপাড় ও কলেজ পাড়ার নাগরিকেরা মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন শুরু করেছেন। এ নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন আশেপাশের পাড়া-মহল্লার বাসিন্দারাও।
সকালে দোয়ারপাড় জামে মসজিদ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত নাগরিক সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক আব্দুল বারি। প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার জিহাদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় ও মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম।

সভায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে আইনজীবী রাশেদ মাহমুদ, কলেজশিক্ষক আশিষ রায়, গোবিন্দ চন্দ্র সাহা, ব্যবসায়ী আকরাম হোসেন খান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অমরেশ শিকদার, আইনজীবী বিনয় কুমার বিশ্বাস, প্রবীণ আইনজীবী আলী কদর, মায়া রানী বিশ্বাস, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও সামাজিক আন্দোলনের উদ্যোক্তা প্রকৌশলী রেজাউল করিম বক্তব্য দেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী আকরাম হেসেন খান বলেন, ‘আমাদের এলাকা মাদক ব্যবসায়ীদের আস্তানা। আমরা এলাকায় চলাচল করতে পারি না। সব সময় আতঙ্কে থাকি।’
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অমরেশ শিকদার বলেন, ‘মাদকের কারণে আমাদের এখানকার মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।’
আইনজীবী বিনয় কুমার বিশ্বাস বলেন, ‘সন্ধ্যার পর পাড়া-মহল্লায় চলতে পারি না। পাড়ার ছোট ছোট দোকানেও মাদক বিক্রি হয়। আমরা অভিভাবকেরা সচেতন না।’
মায়া রানী বিশ্বাস বলেন, ‘মাদকসেবী এবং বিক্রেতার কাছে আমরা জিম্মি। তাঁদের কিছু বলতে ভয় পাই। তাঁরা কারা আমরা সবাই জানি। আমাদেরই সন্তান। আমরা ভয়ে তাঁদের পাশ দিয়ে নিচু হয়ে চলে যাই। কিন্তু আর যাব না। মাদক রুখে দেব। আসুন আমরা ঐক্যবদ্ধ হই।’
আইনজীবী আলী কদর বলেন, ‘নতুন প্রজন্ম আগামীর নেতৃত্ব দেবে। কিন্তু সত্যি বলতে আমাদের প্রায় প্রত্যেক ঘরে একজন মাদকাসক্ত ছেলে রয়েছে। কীভাবে আমরা পথের দিশা পাব? পুলিশ সব জানে কিন্তু পদক্ষেপ নেয় না। আশা করি এবার আমরা মাদক নির্মূলে পুলিশকে পাশে পাব। মাদকের অভিশাপ থেকে আমাদের মুক্তি পেতেই হবে।’
অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘এর আগেও আমরা আমাদের পাড়া-মহল্লা মাদক ও সন্ত্রাসমুক্ত করতে উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছি। এবার আশা করি সফল হব। কারণ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে। মাদক নিয়ন্ত্রণ নয়, আমরা এলাকা থেকে মাদক নির্মূল করব। আমাদের এলাকা হবে মডেল।’
সামাজিক এ আন্দোলনের উদ্যোক্তা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘জনগণ ও পুলিশ এক সঙ্গে কাজ করব। ইনশাল্লাহ আমরা সফল হব।’
মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে স্বাগত জানিয়ে পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, ‘ছোট এই এলাকাকে যদি আমরা বাংলাদেশ ধরি, আর এ দেশকে আমরা কেমন দেখতে চাই সেটা ভেবে নিলেই সমস্যার সমাধান হবে। আমরা সফল হব।’
পুলিশ সুপার বলেন, ‘মাগুরায় মাদক খুবই লাভজনক ব্যবসা। এক বোতল ফেনসিডিল ক্রেতার কাছে পৌঁছে দিলেই বহনকারী ১০০-১৫০ টাকা পান। এত সহজে ও অল্প সময়ে অন্য কোথাও এভাবে আয় করা সম্ভব নয়। তাই মাগুরায় মাদকের বিস্তার দিন দিন বাড়ছে। আমি আপনাদের কথা দিচ্ছি, মাদকের ব্যাপারে পুলিশ কোন ছাড় দেবে না। আপনাদের সহযোগিতায় এ এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা মডেল হিসেবে প্রতিষ্ঠিত করব। কথা নয়, আমরা কাজ করে দেখাব।’