মাগুরায় এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। সংসদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগ তুলে একাংশের সংবাদ সম্মেলনের চার দিন পর এ উদ্যোগ নেয় তারা। এতে দাবি করা হয়, ১৬ এপ্রিল সংবাদ সম্মেলন করা অভিযোগকারীরা ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা।
মাগুরার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এম আবদুর রহমান লিখিত বক্তব্য পড়ে শোনান।
‘মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের উদ্দেশ্যে দুটি কথা’ শিরোনামের ওই লিখিত বক্তব্যে বলা হয়, তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা। টাকা দিয়ে কাউকে মুক্তিযোদ্ধা বানানোর সুযোগ নেই। এমনকি যাঁরা এসব অভিযোগ তুলছেন, তাঁদের বিরুদ্ধেই এমন অভিযোগ রয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্তমানে যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং দক্ষ ও যোগ্য।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়াত আলী বলেন, ‘যাঁরা সভা করেছেন, তাঁরা আমাদের শ্রেণিশত্রু। এঁরা আমাদের কাছে তিন-তিনবার পরাজিত হয়েছেন। এ কারণে তাঁরা নানামুখী তৎপরতা চালাচ্ছেন। তাঁরা ভুয়া মুক্তিযোদ্ধা। তাঁদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, অভিযোগকারীরা মুক্তিযোদ্ধা নন। তবে আগে নানাভাবে তাঁদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় ওঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার এস এম আবদুর রহমান ও রেজাউর রহমান, সহকারী কমান্ডার (সংস্কৃতি) বদরুল আলম, সহকারী কমান্ডার (দপ্তর) মো. ওলিদুরজ্জামানের পাশাপাশি জেলার শালিখা, মহম্মদপুর ও সদর উপজেলা সংসদের কমান্ডারসহ অনেকে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ১৬ এপ্রিলের সংবাদ সম্মেলনকারীদের একজন আবুজার বলেন, ‘তাঁরা (জেলা সংসদের নেতারা) নিজেদের অপকর্ম ঢাকতে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আমরা তাঁদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, এটাই বড় কারণ। আমাদের সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধারাই রয়েছেন।’
১৬ এপ্রিল ‘সচেতন মুক্তিযোদ্ধাবৃন্দ’-এর ব্যানারে মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে দাবি করা হয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা টাকার বিনিময়ে অনেককে মুক্তিযোদ্ধা বানিয়েছেন। তাঁদের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, অদক্ষতা, অযোগ্যতার অভিযোগ তোলা হয়। এ ছাড়া ওই সভা থেকে ৫৬ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। এতে মো. আবুজারকে আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক করা হয় মোশাররফ হোসেন ও আইনজীবী ইসলাম আলী সরদারকে।