মাগুরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬
মাগুরা সদরের পশ্চিম রামনগর এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গিয়ে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন বাসচালকের সহকারী সাগর মৃধা (৩০), মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক বিকাশ চন্দ্র পাল (৬০), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের রাহাতুন বেগম (৫০), লোহাডাঙ্গার শংকর কুণ্ডু (৫০) ও কুষ্টিয়ার উজানগ্রামের সাথী পারভীন (৩৫)। আহত বাসযাত্রী, পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ফরিদপুর থেকে ৬০ থেকে ৭০ জন যাত্রী নিরাপদ পরিবহনের একটি বাস (নম্বর ঢাকা মেট্রো-চ-৯৩২০) কুষ্টিয়া যাচ্ছিল। পথে বিকেল সাড়ে চারটার দিকে রামনগর এলাকায় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর দুজন, মাগুরা সদর হাসপাতালে একজন ও ঝিনাইদহের হাটগোপালপুর স্বাস্থ্যকেন্দ্রে অপরজন মারা যায়।স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল, হাটগোপালপুর স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন ক্লিনিক এবং ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তাঁদের মধ্যে মিন্টু (২৮), ইয়ারন বেগম (৪০), নয়ন মিয়া (৪০), শিল্পী (৪৫), সোনিয়া (২০), অনিল পাল (৭০), আছাদুজ্জামান (৩০), আবদুর রশীদ (৫০), নূপুর (৬), নূরজাহান (৩৫), চাঁদ মিয়া (৪৮), মেঘলা (২০), সন্ধানী পাল (৫০), আশিকুল ইসলাম (৩৫), নাজমুল ইসলাম (৩০), নাসিকুলসহ (৪৫) মোট ২২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজিজুল, সবুজ, আবাই, শাহিন, জিয়ারুল, ভানু বিবিসহ ১৫ জনকে। মাগুরার সহকারী পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে।