মাগুরায় যৌতুকের জন্য গৃহবধূকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে না পারায় মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে পুষ্প রানী সরকার (২৫) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী ও শাশুড়ি হাতুড়িপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোকসেদুল মোমিন বলেন, ওই গৃহবধূ বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভর্তি হন। এখন তিনি আশঙ্কামুক্ত। তাঁর শরীরের পাঁচ-সাত জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। ডান চোখেও রক্ত জমেছে।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, পুষ্প বিছানায় এপাশ-ওপাশ করতে গেলে যন্ত্রণায় কুঁকড়ে উঠছেন। পুষ্প রানী সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এমন স্বামী আর কারও আছে কি না, জানি না। প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য আমাকে নির্যাতন করতেন। ওই দিন আমার সারা শরীর লাঠি আর হাতুড়ি দিয়ে পেটায়। আমি চিৎকার করলেও আমাকে ছাড়েনি। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমি যন্ত্রণায় কাতরালেও চিকিৎসা করায়নি। আমার শাশুড়িও তার সঙ্গে ছিল। আমি এমন নিষ্ঠুর স্বামী ও শাশুড়ির বিচার চাই।’ ঘটনার পর থেকে পুষ্প রানীর স্বামী রমেশ পালিয়ে রয়েছেন। যোগাযোগ করা হলে রমেশের মা বাগানি বিশ্বাস বলেন, ‘আমি কিছু জানি না। বিটার বউ আর ছেলে জানে। তাঁকে জিজ্ঞেস করো।’

গৃহবধূর বাবা নিতাই সরকার বলেন, ‘মেয়ে একটু সুস্থ হয়ে উঠলেই থানায় গিয়ে মামলা করব।’ প্রায় পাঁচ বছর আগে ধনেশ্বরগাতি গ্রামের বিমল বিশ্বাসের ছেলে রমেশ বিশ্বাসের সঙ্গে তাঁর মেয়ে পুষ্প রানী সরকারের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ টাকা, সোনার গয়না ও গৃহস্থালিসামগ্রী দেওয়া হয়। কিন্তু পরে রমেশ বিশ্বাস বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য পুষ্পর ওপর নির্যাতন চালান। বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে রমেশ ও তাঁর মা পুষ্পকে বেদম মারধর করেন। এতে তাঁর মাথা, চোখ, পিঠ, ঘাড় ও হাত-পায়ের বিভিন্ন জায়গা থেঁতলে গেছে। ওই অবস্থায় তাঁকে চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয়। সন্ধ্যার পর পুষ্প মহম্মদপুরে বাবার বাড়ি পালিয়ে আসেন।