মাগুরায় শহীদ মিনারে সম্মান পেলেন না দুই ভাষাসৈনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা বন্ধুসভার পক্ষ থেকে গতকাল শহীদ মিনার এলাকায় মানুষের ভিড়ের মধ্যে উত্তরীয় পরিয়ে দেওয়ার পর দুই ভাষাসৈনিক l প্রথম আলো
মাগুরা বন্ধুসভার পক্ষ থেকে গতকাল শহীদ মিনার এলাকায় মানুষের ভিড়ের মধ্যে উত্তরীয় পরিয়ে দেওয়ার পর দুই ভাষাসৈনিক l প্রথম আলো

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে যথাযথ মর্যাদা ও সম্মান দেখানো হয়নি দুই ভাষাসৈনিক মাহবুবুল হক সিদ্দিকী (মঞ্জু সিদ্দিকী) ও আমিনুল ইসলামকে (চান্দু মিয়া)। শহীদবেদিতে শ্রদ্ধা জানানো বিঘ্নিত করে ওই সময় শহীদ মিনারের পাশে খোলা মঞ্চে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘোষিত সময় অনুযায়ী সকাল সাড়ে আটটা থেকে শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো বিঘ্নিত হচ্ছিল। ওই দুই ভাষাসৈনিককে নিয়ে মাগুরা প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সকাল ৭টা ৪০ মিনিটে শহীদ মিনার চত্বরে পৌঁছান। এর আগে শহীদ মিনারের পাশে ঘোষণা মঞ্চে ঘোষণার দায়িত্বে থাকা কলেজের সহযোগী অধ্যাপক আবদুস সাত্তারের কাছে ওই দুজনের নাম-পরিচয় ও তাঁদের সম্মাননা জানানোর বিষয়টি লিপিবদ্ধ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষক মাগুরা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী দুই ভাষাসৈনিকের উপস্থিতির বিষয়টি ঘোষণা দেন। ওই সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, কলেজের অধ্যক্ষসহ অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কেউই সেই ভাষাসৈনিকদের সম্মান জানাতে এগিয়ে আসেননি। শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে দুই ভাষাসৈনিক প্রচণ্ড ভিড় ঠেলে বন্ধুসভার বন্ধুদের সহযোগিতায় শহীদবেদিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা প্রায় ২০ মিনিট শহীদ মিনার চত্বরে অবস্থান করেন। এ সময় বন্ধুসভার পক্ষ থেকে সম্মাননা হিসেবে দুজনকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
কথা বলার জন্য মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ধরেননি।
পুলিশ সুপার এহসান উল্লাহ বলেন, ভাষাসৈনিকদের সম্মান দেওয়া উচিত ছিল। বিষয়টি আগে জানানো হলে তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতেন।
জানতে চাইলে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক। যাঁদের জন্য আমরা মাতৃভাষা পেলাম, তাঁদের যথাযথ সম্মান জানাতে পারলাম না। আমি ওই সময় ঘোষণা মঞ্চে ছিলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আমি জানা মাত্রই বিষয়টি মাইকে ঘোষণা করেছি। অথচ কেউ সম্মান জানাতে তাঁদের কাছে যাননি।’
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, শহীদ মিনার কলেজ চত্বরে এবং একুশে ফেব্রুয়ারির সব আয়োজন কলেজ থেকে করা হলেও নিয়ন্ত্রণ ও পরিচালনা করে জেলা প্রশাসন। ভাষাসৈনিকেরা শহীদ মিনারে এসে যথাযথ সম্মান না পেয়ে ফিরে গেছেন, এটা অত্যন্ত দুঃখজনক।