মাগুরায় শিক্ষিকার লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের কলেজপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে গত সোমবার দুপুরে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রূপা বিশ্বাস (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা সদর উপজেলার মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
তাঁর স্বামী দুলাল কুমার শিকদার মাগুরার শালিখা উপজেলার সিংড়া বিহারী লাল শিকদার কলেজের শিক্ষক। পুলিশ দুলাল শিকদারকে গ্রেপ্তার করেছে। পুলিশ রূপার ঘর থেকে তাঁর লেখা একটি চিঠি উদ্ধার করেছে। চিঠিতে তাঁর মৃত্যুর জন্য স্বামী দুলাল শিকদারকে দায়ী করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকে দুলাল শিকদার দ্বিতীয় স্ত্রী রূপাকে নিয়ে কলেজপাড়ায় ভাড়াবাড়িতে থাকতেন। গত সোমবার দুপুরে প্রতিবেশীরা রূপার ঘরের জানালা-দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রূপার লাশ উদ্ধার করে। রূপার বাবা প্রফুল্ল বিশ্বাস বলেন, ‘আমার মেয়েকে দুলাল মেরে ফেলেছে।’ দুলাল শিকদার বলেন, ‘রোববার আমি বাড়ি ছিলাম না। সোমবার বাড়ি ফিরে দেখি ঘরের দরজা-জানালা বন্ধ। রূপা খুব জেদি স্বভাবের ছিল। সে আত্মহত্যা করেছে।’