মাগুরায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি
শিলাবৃষ্টির কারণে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলাপাত শুরু হয়। ১০০ গ্রাম থেকে শুরু করে কোথাও কোথাও এক কেজি ওজনের শিলা পড়ে। অনেক খেতে শিলা পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। শিলাবৃষ্টির কারণে সদর উপজেলার বেরইল-পলিতা, গোপালগ্রাম, কুচিয়ামোড়া, জগদল এবং মহমঞ্চদপুরের নহাটা ইউনিয়নের ফসলের খেত ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, শিলাবৃষ্টিতে এমন ক্ষয়ক্ষতি এর আগে কোনো দিন দেখা যায়নি। আম, কাঁঠাল, লিচু, লেবুসহ বিভিন্ন ফল ও বোরো ধান এবং গমসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে টিনের ঘরগুলোর। কেবল তাঁর ইউনিয়নের কমপক্ষে ১০০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।মহমঞ্চদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুদ্দোজা জানান, শিলাবৃষ্টিতে নহাটা ইউনিয়নের কমপক্ষে ১০টি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি নিরূপণের কাজ চলছে। সদর উপজেলার ইউএনও আবদুর রাজ্জাক বলেন, পিঁয়াজ, গম, বোরো ধান ও আমের মুকুলের বেশ ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করা হবে।মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোখলেসুর রহমান জানান, প্রাথমিক হিসাবে সদর ও মহমঞ্চদপুরের পাঁচটি ইউনিয়নে ১০০ হেক্টরের মতো পিঁয়াজ, ২০০ হেক্টর গম, ৫০০ হেক্টর বোরো ধান এবং ২৮-৩০ হেক্টরের মতো আমের ক্ষতি হয়েছে। কৃষককে এখনই পিঁয়াজ মাঠ থেকে তুলে বিক্রি করে ফেলতে হবে।