মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গতকাল রোববার থেকে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হয়েছে। শত বছরের পুরোনো এ পূজা চলবে পাঁচ দিন ধরে। পূজা উপলক্ষে গোটা শহর বর্ণিল সাজে সেজেছে।
জেলা কাত্যায়নী পূজা উদ্যাপন পরিষদের সদস্যরা বলেন, শ্রীকৃষ্ণের জন্মের আগে গোপবালারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর, বন্ধু, স্বামী, পুত্র হিসেবে আরাধনা করতেন। তাঁদের এক মাসব্যাপী আরাধনা সে সময় কাত্যায়নী পূজা হিসেবে চিহ্নিত হতো। কার্তিক ও অগ্রহায়ণ মাসে এ আয়োজন করা হতো। প্রতিমা স্থাপন থেকে শুরু করে দুর্গাপূজার আদলেই সবকিছু হতো। তবে অতিরিক্ত হিসেবে দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হয়। যার অর্থ, দেবী দুর্গার আরাধনার মাধ্যমে কৃষ্ণের সান্নিধ্য পাওয়া। যেটি কাত্যায়নী পূজার ধর্মীয় যোগসূত্র।
পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় মোট ৮৪টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে পৌরসভা এলাকার জামরুলতলা, নতুন বাজার, ছানার বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ শহরের ১১টি মণ্ডপে ভিড় বেশি হবে বলে আশা করছেন তাঁরা।
পূজামণ্ডপ এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ ও প্যান্ডেল। সঙ্গে রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। কয়েক শ শিল্পী প্রায় এক মাস পরিশ্রম করে এসব প্রতিমা, মণ্ডপ ও পূজার আনুষঙ্গিক সাজসজ্জা করেছেন।
মাগুরা জেলা কাত্যায়নী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পংকজ কুণ্ডু জানান, ব্রিটিশ আমল থেকে শহরে পারনান্দুয়ালী এলাকার জনৈক সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এ পূজা শুরু করেন। পেশায় তিনি মুদিদোকানি ছিলেন। আশির দশকে এ পূজা কেবল মাগুরা শহরের ছানার বটতলা, নিজনান্দুয়ালী, নতুন বাজার, বাটিকাডাঙ্গা এবং জামরুলতলার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত দুই যুগে এ পূজা দুর্গাপূজার আমেজকে কয়েক গুণ ছাড়িয়ে গেছে।
১০ নভেম্বর পর্যন্ত পূজা চলবে। তবে এ উপলক্ষে আয়োজিত মেলা চলবে আরও প্রায় দুই সপ্তাহ। দেশের দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এরই মধ্যে মেলায় তাঁদের পসরা সাজিয়ে বসেছেন। এ বছর মেলায় প্রায় ২০ লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, পূজায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।