এক বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মাগুরার চারটি সড়কে গতকাল মঙ্গলবারও বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
বাসচালক মো. সুজনকে (২৫) গত শনিবার মাগুরা সদর উপজেলার মালিকগ্রাম এলাকায় পিটিয়ে গুরুতর আহত করেন স্থানীয় দুই যুবক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মারা যান।
এ ঘটনার প্রতিবাদে মাগুরার বাসশ্রমিকেরা সোমবার থেকে মাগুরা-নড়াইল ও মাগুরা-যশোর আঞ্চলিক মহাসড়ক এবং মাগুরা-শ্রীপুর ও মাগুরা-মহম্মদপুর অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল সকাল নয়টার দিকে শহরের ঢাকা রোড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশের বাধার মুখে তাঁরা পিছু হটেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
বিকেল পাঁচটা পর্যন্ত সড়কগুলোতে বাস চলাচল বন্ধ ছিল। পুলিশের সঙ্গে শ্রমিক ও মালিকপক্ষের দফায় দফায় বৈঠকের পরও শ্রমিকেরা ধর্মঘট অব্যাহত রেখেছেন।
মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ধর্মঘট ডাকিনি। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা মাগুরার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। পুলিশ এখনো দোষীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে শ্রমিকদের বোঝানো যাচ্ছে না।’
এদিকে সুজনের লাশ সোমবার রাতে মাগুরায় পৌঁছায়। সকাল আটটার দিকে পৌরসভার পারলা গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
পথে পথে ভোগান্তি
পৌরসভার নান্দুয়ালী গ্রামের অসিম প্রামাণিক গতকাল সকালে বোনকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে শহরের চাউলিয়া বাসস্ট্যান্ডে যান। ওখান থেকে মহম্মদপুর উপজেলায় বাস যায়। মহম্মদপুরের পাশে ফরিদপুরের বোয়ালমারীতে বোনের শ্বশুরবাড়ি। অসিম প্রামাণিক প্রথম আলোকে বলেন, বাস বন্ধ থাকায় তাঁরা ফিরে আসতে বাধ্য হয়েছেন। অথচ জরুরি ভিত্তিতে বোনের শ্বশুরবাড়ি যাওয়া প্রয়োজন ছিল।
একই অবস্থা শহরের আদর্শপাড়ার জালাল আহমেদের। পেশায় চাকরিজীবী জালাল প্রতিদিন যশোরের বাঘারপাড়ায় গিয়ে অফিস করেন। সীমাখালী সেতু ভাঙা থাকায় এমনিতেই ভোগান্তির শেষ নেই। বাসে মাগুরা থেকে সীমাখালী গিয়ে নামতে হয়। সেতু পার হয়ে আবার বাসে উঠে যশোর যেতে হয়। গত দুই দিন বাস বন্ধ থাকায় তাঁর ভোগান্তি চরমে পৌঁছেছে। জালাল বলেন, ‘আগের দিন অফিসে যেতেই পারিনি। আজ যুদ্ধ করে অফিসে গিয়েছিলাম। আবার যুদ্ধ করে ফিরলাম।’
একই অভিজ্ঞতার কথা বলেছেন মাগুরার ওই চারটি সড়কে চলাচলকারী অন্তত ছয় ব্যক্তি।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নায়েব মোল্লা (৩৫) ও সজীব মোল্লা (২৮) নামে স্থানীয় দুই যুবক ওই ঘটনার সঙ্গে জড়িত। আমরা বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। আগের তুলনায় পরিস্থিতি শান্ত। আমরা তাঁদের আশ্বস্ত করেছি, দোষী ব্যক্তিরা দ্রুত গ্রেপ্তার হবে।’
মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আল মাহবুব বলেন, দুই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করেনি কেউ। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে।