মাগুরায় সংঘর্ষে আহত ৫, ছয়টি বাড়িতে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহমঞ্চদপুর উপজেলার রামপুর গ্রামে গতকাল শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জায়গায় পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় ছয়টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গতকাল সকাল ১০টার দিকে ওই গ্রামের আসাদ মোল্লার বাড়ির পাশে বিরোধপূর্ণ একটি জায়গায় বিদ্যুতের খুঁটি স্থাপন করতে গেলে প্রতিবেশী মানিক মোল্লা বাধা দেন। একপর্যায়ে আসাদ মোল্লার লোকজন মানিক মোল্লার মা জাহানারা বেগমকে মারধর করেন। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সেলিম রেজা (৪৫) ও বুলবুলকে (৫৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মানিক মোল্লা, হাসান মোল্লা, সালাম মোল্লা, সরোয়ার মোল্লারসহ ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। মহমঞ্চদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।