মাগুরায় সংঘর্ষে আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করা নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের আটজন আহত হন। এ সময় চারটি বাড়ি ও একটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রীপুরের আমলসার ইউনিয়ন বিএনপির সদস্য কালিনগর গ্রামের গফুর বিশ্বাস আসন্ন নির্বাচনে সদস্য পদে মনোনয়পত্র দাখিল করেন। এ খবরে ওই গ্রামের আওয়ামী লীগের কর্মী ও ইউপি সদস্য প্রার্থী হাবিবুর রহমান মণ্ডল ক্ষিপ্ত হন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুজনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে গফুর বিশ্বাসের সমর্থক আক্তার হোসেন হাবিবুর রহমানকে ঘুষি মারেন। গফুর বিশ্বাস অভিযোগ করেন, রাত ১০টার দিকে হাবিবুর রহমানের সমর্থকেরা তাঁর এবং বিএনপির সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালান।