মাগুরায় সংঘর্ষে কৃষক নিহত, ২৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে গতকাল রোববার সকালে সেচের পানি নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক কৃষক নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোমরেজ আলী (৬০)। এ সময় ছয়টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।গ্রামবাসী, আহত ব্যক্তি ও মাগুরা সদর থানার পুলিশের বর্ণনামতে, ধলা মণ্ডল নামের এক কৃষক তাঁর ধানখেতে সেচ দিতে শনিবার সকালে গ্রামের সাহেব আলীর সেচযন্ত্র থেকে পানি নিতে চান। কিন্তু সেচের বকেয়া টাকা পরিশোধ না করায় সাহেব আলী ধলা মণ্ডলের জমিতে সেচ দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি হয়। ওই দিন রাতে বিষয়টি মীমাংসার জন্য সালিস বসে। কিন্তু সালিসে সমাধান না হওয়ায় গতকাল সকাল সাতটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমে বিদ্ধ হয়ে সাহেব আলী পক্ষের মোমরেজ আলী নিহত হন। এ সময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে বাবুল হোসেন, কামরুল হাসান, বাকিয়ার রহমান, আলমগীর হোসেন, ইউনুচ আলী, পিকুল হোসেন, এনামুল হক, আবদুল ওহাব, মিরাজ হোসেন, এমদাদুর রহমান, ধলা মণ্ডল, বাচ্চু মিয়া ও খবির হোসেনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন: অলিয়ার রহমান, আকর আলী, ইমরান হোসেন, আলমগীর হোসেন ও মামুনুর রশীদ।