মাগুরায় সংঘর্ষে সাতজন আহত, ২০ বাড়িতে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনি গ্রামে গতকাল সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দুই চেয়ারম্যান নজরুল ইসলাম ও রুহুল আমিনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি নজরুল ইসলাম মারা যাওয়ার পরও ওই এলাকায় লোকজন দুই ভাগে বিভক্ত এবং সক্রিয় রয়েছে।
গত রোববার রাত আটটার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এর জের ধরে গতকাল সকাল নয়টার দিকে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন এবং ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়।
আহত সাখাওয়াত মোল্লা (৫৫), হানু মোল্লা (৩৫), বাবলু মোল্লা (৪২), আক্কাস বিশ্বাস (৩৫) ও দাউদ মোল্লাকে (৪৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুচিয়ামোড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, দুই দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তিনি দাবি করেন, এ সময় ৪০ থেকে ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।