মাগুরায় সন্ত্রাসী হামলায় অধ্যক্ষ আহত
মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা গতকাল সোমবার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তাঁকে শ্রীপুরের দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নির্মল কুমার সাহা জানান, গতকাল সকাল আটটার দিকে তিনি খামারপাড়ার বাসা থেকে মোটরসাইকেলে চড়ে শ্রীপুর ডিগ্রি কলেজে যাচ্ছিলেন। বাসার কাছাকাছি এলাকায় পথে ৮-১০ জন অপরিচিত তরুণ তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তরুণেরা তাঁকে পিটিয়ে পালিয়ে যায়। পরে তিনি শ্রীপুরের দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কেন তারা হামলা চালিয়েছে, তা তিনি বুঝতে পারেননি। তবে চলতি বছর কলেজের ৩০ জন ছাত্র এইচএসসির ফরম পূরণ করতে পারেনি বলে তিনি জানান। তারা তিন বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের ফরম পূরণ করতে দেওয়া হয়নি। অকৃতকার্য ওই ছাত্রদের ক্ষোভ ছিল।দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহফুজুর রহমান জানান, অধ্যক্ষ নির্মল সাহার পায়ে ও হাতের আঙুলে লাঠির আঘাতের চিহ্ন আছে। লাঠির আঘাতে পা ফুলে গেছে। এ ছাড়া ব্লেড বা ছুরিজাতীয় কিছুর আঁচড় রয়েছে। তবে তিনি সুস্থ আছেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘অধ্যক্ষকে অজ্ঞাত কিছু তরুণ হামলা করে সামান্য আহত করেছে বলে জানতে পেরেছি। তবে ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।’