মাগুরায় সন্ত্রাসী হামলায় ছাত্রদলের চারজন জখম
মাগুরা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের চার নেতা-কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গত রোববার বিকেলে মাগুরা শহরে এ ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, ছাত্রলীগ পুলিশের সামনে এই ঘটনা ঘটিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে পথসভা চলছিল। পথসভায় অংশগ্রহণকারী ছাত্রলীগের ১৩-১৪ জন নেতা-কর্মী অদূরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কুতুবুদ্দিন রানার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও তাঁকে কুপিয়ে আহত করেন। একপর্যায়ে তিনি পালিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা তাঁকে ধাওয়া করে শহরের কলেজ রোডে সনোপ্লাস ডায়াগনস্টিক সেন্টারের সামনে পেয়ে উপর্যুপরি কোপায়। হামলাকারীরা পরে শহরে ইসলামপুরপাড়ায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এলাকায় আসলাম পারভেজ নামে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে আটটি কোপ দিয়ে আহত করেছে। এ সময় আসলাম পারভেজের সঙ্গে থাকা মো. তিতাস হোসেন নামে ছাত্রদলের এক কর্মীও হামলায় আহত হন। পরে তিতাস আহমেদ নামের ছাত্রদলের অন্য এক কর্মীকেও সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। ছাত্রলীগের নেতা-কর্মীরা আতঙ্ক সৃষ্টি করতে বিএনপি কার্যালয়সহ কাছাকাছি এলাকায় তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়।পুলিশের সামনে ওই ঘটনা ঘটলেও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। গুরুতর আহত কুতুবুদ্দিন রানা ও আসলাম পারভেজকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ঘটনার প্রতিবাদে মাগুরা জেলা বিএনপি গতকাল সোমবার দুপুরে ইসলামপুরপাড়ায় দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিনা উসকানিতে ছাত্রলীগের কর্মীরা ওই হামলা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি চারদিন ধরে ঢাকায় আছি। তবে ঘটনা শুনেছি।’মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের নেতাদের ঠিকমতো কোপাতে পারেনি। ঠিকমতো লাগেনি। তাঁরা বিএনপি অফিসে বোমা মেরেছে ঠিকই, তবে সেখানে কেউ আহত হননি। ওই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।’