মাগুরায় সরকারি ওষুধসহ স্বাস্থ্য সহকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার কচুয়া এলাকায় গতকাল মঙ্গলবার বিনা মূল্যে বিতরণের জন্য সরকারের দেওয়া নয় কার্টন ওষুধসহ সঞ্জয় কুমার রায় (২৫) নামের এক স্বাস্থ্য সহকারীকে আটক করেছে জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরিশাট ও দো-সতিনা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী সঞ্জয় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দুটি ভ্যানে করে ওই ওষুধগুলো উপজেলা সদরের দিকে নিয়ে যাচ্ছিলেন। পরে কচুয়া এলাকার লোকজন ওষুধসহ ভ্যান দুটি আটক করে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী রেজাউল হক তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সদুত্তর দিতে না পারায় ওষুধসহ সঞ্জয়কে পুলিশে সোপর্দ করা হয়। বিনা মূল্যে বিতরণের জন্য ওষুধগুলো শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে সোনাতুন্দি গ্রামের অপর এক স্বাস্থ্য সহকারীর বাড়িতে রাখা ছিল।স্থানীয় বাসিন্দা হারুন বিশ্বাস অভিযোগ করেন, শ্রীপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি ওষুধ বিক্রি হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উত্তোলনের পর স্বাস্থ্য সহকারীরা রোগীদের মধ্যে বিতরণ না করে ওষুধগুলো বাইরে বিক্রি করে দেন। কাজী রেজাউল হক বলেন, ২৫-২৬ দিন আগে সঞ্জয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধগুলো উত্তোলন করেন। তবে এত দীর্ঘ সময় ওষুধগুলো তাঁর কাছে থাকার কথা নয়।সিভিল সার্জন মো. শফিকুল আলম বলেন, ওই স্বাস্থ্য সহকারীর কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা পুলিশ তদন্ত করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হরেন্দ্রনাথ বিশ্বাস গতকাল বলেন, সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।