মাগুরায় সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
মাগুরা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহ্হাবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শ্রীপুরের নাকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা যুবলীগের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া গতকাল সোমবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন। তৃতীয় ধাপে ২৩ এপ্রিল শ্রীপুর উপজেলার আট ইউনিয়নে ভোট হবে। লিখিত অভিযোগে কুতুবুল্লাহ হোসেন উল্লেখ করেন, ইউনিয়নের শিকদারপাড়া মসজিদ ও টুপিপাড়ায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের নির্দেশ দিয়েছেন সাংসদ। এ ছাড়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাংসদ টুপিপাড়ায় তাঁর বাড়িতে গতকাল আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের জন্য প্রীতিভোজের আয়োজন করেন।
শ্রীকোল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি।’
সাংসদ এ টি এম আব্দুল ওয়াহ্হাব প্রথম আলোকে বলেন, ‘আমি কোথাও প্রচারণা চালাইনি। আমার নির্বাচনী এলাকা মাগুরা সদরের ১২ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের পরিচিতির জন্য বাড়িতে তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলাম। ওই উপলক্ষে খাওয়া-দাওয়া কোনো নির্বাচনী প্রচারণা নয়।’