মাগুরায় স্কুলছাত্র গোয়ালন্দে অজ্ঞাত ব্যক্তি নিহত
সড়ক দুর্ঘটনায় গত শুক্রবার মাগুরার শ্রীপুরে স্কুলছাত্র এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অজ্ঞাতনামা একজন নিহত হয়েছেন। মাগুরা-শ্রীপুর সড়কের শ্রীপুরের টুপিপাড়ায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে স্কুলছাত্র সাব্বির আহমেঞ্চদ (১১) নিহত হয়েছে। নিহত সাব্বির খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং শ্রীপুর উপজেলার টুপিপাড়ার রজব আলীর ছেলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সাব্বির বাড়ি থেকে বাইসাইকেলে করে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল। এ সময় বাড়ির কাছে মাগুরা-শ্রীপুর সড়কে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুড়িয়ে দেয়। তারা ট্রাকচালক ফারুক হোসেনকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার গভীর রাতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দি বাংলাদেশ হ্যাচারিজের সামনে দ্রুতগামী পরিবহনের চাপায় অজ্ঞাতনামা একজন মারা গেছেন। ওই রাতে অসংখ্য পরিবহন লাশের ওপর দিয়ে যাতায়াত করায় লাশটি সড়কের ওপর পিষ্ট হয়ে প্রায় মিশে যায়। খবর পেয়ে গতকাল শনিবার সকাল নয়টার দিকে গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাসুদুর রহমান লাশের অবশিষ্টাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।