মাগুরায় স্কুলছাত্রী পপির গ্রামে মাতম
মাগুরার শালিখা উপজেলার বরইচারা গ্রামের অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পপি মল্লিকের মৃত্যুতে আসবা গ্রামে চলছে মাতম। সবার মুখে একই কথা; শিক্ষকের ভুলে নিষ্পাপ মেয়েটির এমন মৃত্যু হলো!
পপিরা তিন ভাইবোন। পপি সবার বড়। বাবা হরবিলাশ মল্লিক নিরক্ষর প্রান্তিক চাষি। মা শিল্পী মল্লিক গৃহিণী। সংসারে অভাব।
গতকাল রোববার সকালে সদর উপজেলার আসবা গ্রামে পপিদের বাড়িতে গিয়ে দেখা যায়, পপির মৃতদেহ সামনে রেখে কাঁদতে কাঁদতে তার ওপর বারবার আছড়ে পড়ছেন মা শিল্পী মল্লিক। সঙ্গে পপির দিদিমা, ঠাকুরমা, পিসিরা। তাঁদের গগনবিদারি কান্নায় পপির লাশ দেখতে আসা কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। তাঁদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে।
শিল্পী মল্লিক বিলাপ করতে করতে বলেন, ‘মারে, তোরে ছাড়া আমি কী নিয়ে বাঁচব। তুই ফিরে আয় মা। ওই স্কুলে পড়ার দরকার নেই। স্যার বই-খাতা রাখে দেছে তো কি হইছে।’ হরবিলাশ মল্লিক ছলছল চোখে পপির লাশের দিকে তাকিয়ে ছিলেন। বললেন, ‘আমি তো ওকে বেশি পড়াতে পারব না। তাই ও সব সময় বলত, বাবা, আমি পল্লিচিকিৎসক হব। গ্রামের মানুষের সেবা করব। সংসার চালাব। তোমাদের কষ্ট দূর করব। ওর সে স্বপ্ন ভেঙে গেল। আমাগেও আর কিছু থাকল না।’
চোখ মুছতে মুছতে প্রতিবেশী পঙ্কজ কুণ্ডু বলেন, খুবই বিনয়ী নম্র-ভদ্র ছিল। ওর প্রশংসা গ্রামের সবাই করে। পড়ালেখায়ও খুব ভালো। চাপা স্বভাবের। যে কারণে সবার সামনে অপমান ও সহ্য করতে পারেনি। বাড়ি ফিরে নীরবে আত্মহত্যা করেছে।
পপির স্কুলে গিয়ে দেখা গেল, সেখানেও শোকের ছায়া। অভিযুক্ত প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস স্কুলে আসেননি। অন্য শিক্ষকেরাও ক্লাসে যাননি। সকালে চার শতাধিক শিক্ষার্থী স্কুলমাঠে জড়ো হয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা পপির মৃত্যুতে দুই মিনিট নীরবতা পালন করেন। তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা হয়। শিক্ষকেরা পপির মৃত্যুতে স্কুলে ছুটি ঘোষণা করেন।
পপির শিক্ষক সুমিলন বিশ্বাস, ইন্দ্রজিৎ রায়, কেয়া বর, অনিল বর বলেন, পপি খুবই মেধাবী ও ভালো মেয়ে ছিল। সহপাঠী অভিজিৎ বর বলে, পপি ও প্রসেনজিৎকে যখন স্যারেরা বকাঝকা করছিল, তখন স্কুলের সব ছাত্রছাত্রী ভিড় করে দেখছিল। পরদিন বাবা-মাকে স্কুলে নিয়ে আসতে বলেছিল। তাই ভয়ে-লজ্জায় পপি মৃত্যুর পথ বেছে নেয়।
পপির সহপাঠী প্রসেনজিৎ বিশ্বাস গতকাল বিদ্যালয়ে যায়নি। বিদ্যালয়ের অদূরে প্রসেনজিতদের বাড়ি। প্রসেনজিতের ভাই তরুণ বিশ্বাস বলেন, প্রসেনজিৎ বাড়িতেই আছে। কারও সঙ্গে কথা বলছে না।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম বলেন, এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। দুুপুরে পপির শেষ কৃত্যানুষ্ঠান স্থানীয় শ্মশানে সম্পন্ন হয়।
পপি গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সহপাঠী প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে শ্রেণীকক্ষে বসে গল্প করছিলেন। ওই সময় ক্লাস ছিল না। বিষয়টি কয়েকজন সহপাঠী প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাসকে জানালে তিনি পপি ও প্রজেনজিৎকে তাঁর কক্ষে ডেকে পাঠান। প্রধান শিক্ষক অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে দুজনকে বকাঝকা এবং নানা কটূক্তি করেন। তাঁদের বই-খাতা জব্দ করে রাখা হয়। বাড়ি ফিরে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে পপি বাড়ির পাশে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।