মাগুরায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলায় স্কুলছাত্রী পূর্ণিমা সমাদ্দারকে (১৫) হত্যার ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বালুকাটা শ্রমিক জিল্লুর রহমান (২৯), তাঁর আপন চাচাত ভাই ইউসুফ আলী (৩০) ও ঘসিয়াল গ্রামের আক্কাস হোসেন (২৮)। পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গত বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার ঘসিয়াল গ্রামে পূর্ণিমা সমাদ্দারকে হত্যা করা হয়। পুলিশ বুধবার বিকেলে ঘসিয়াল চরের মাঠের একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পূর্ণিমার বাবা মনোজিৎ সমাদ্দার বাদী হয়ে বুধবার রাতে শ্রীপুর থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পূর্ণিমাকে হত্যা করার কথা স্বীকার করেছেন।