মাগুরায় স্ত্রীর ওপর পুলিশ সদস্যের নির্যাতন
যৌতুকের টাকা এনে দিতে না পারায় একজন পুলিশ সদস্য (কনস্টেবল) তাঁর স্ত্রীর ওপর নির্যাতন চালিয়েছেন। গুরুতর আহত ওই গৃহবধূকে পুলিশ উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মাগুরার মহম্মদপুর উপজেলার কোমরপুর গ্রামে গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত কুষ্টিয়ার মিরপুর থানার সন্দাহ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত কনস্টেবল তুহিন মল্লিককে (কনস্টেবল নম্বর-৬৩১) পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূ সালমা খাতুনের বাবা আবদুস সালাম বহদ্দার এ ব্যাপারে বাদী হয়ে ওই দিন রাতে সালমার স্বামী তুহিন মল্লিক, দেবর শাহীন মল্লিক ও তুষার মল্লিক, শ্বশুর গফফার মল্লিক ও শাশুড়ি সুফিয়া বেগমকে আসামি করে মহম্মদপুর থানায় মামলা করেছেন। মামলার অন্য আমামিরা পলাতক। গতকাল বুধবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, সালমা যন্ত্রণায় ছটফট করছেন। কিছুক্ষণ পর পর তিনি চেতনা হারাচ্ছেন। বিছানার পাশে সালমার মা কাঁদছেন।হাসপাতালের আবাসিক চিকিৎসক মোকছেদুল মমিন জানান, সালমার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষত রয়েছে। তাঁকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। নির্যাতনের মাত্রা এতটাই বেশি যে কথা পর্যন্ত বলতে পারছেন না। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। সালমার মা ফিরোজা বেগম বলেন, ‘স্ত্রীর ওপর কেউ এমন নিষ্ঠুর নির্যাতন চালাতে পারে?’ গৃহবধূর পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কোমরপুর গ্রামের গফফার মল্লিকের ছেলে তুহিন মল্লিকের সঙ্গে একই গ্রামের সালমা খাতুনের বিয়ে হয়। সালমার মা জানান, বিয়ের পর থেকেই তুহিন নানা অজুহাতে সালমাকে মারধর করত। তাঁদের কাছে টাকা চেয়ে পাঠাত। গত সপ্তাহে তুহিন ছুটিতে বাড়িতে এসে জানায়, পদোন্নতির জন্য তার টাকা দরকার। অন্তত তিন লাখ টাকা এনে দিতে সে সালমাকে আমাদের কাছে পাঠায়। আমরা টাকা দিতে না পারায় সালমা গত রোববার বিকেলে খালি হাতে স্বামীর বাড়ি ফিরে যায়। টাকা না নিয়ে বাড়ি ফেরায় সন্ধ্যায় তুহিন ঘরের ভেতর আটকে সালমার ওপর নির্যাতন চালায়। এ সময় সালমার চিৎকার শুনে প্রতিবেশীরা বাবুখালী পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ গুরুতর আহত সালমা খাতুনকে সন্ধ্যায় উদ্ধার করে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, ‘মেয়েটির ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। বিষয়টি দ্রুত তারবার্তার মাধ্যমে কুষ্টিয়া পুলিশ সুপারকে জানিয়েছি। পুলিশ সুপার তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।’