মাগুরায় সড়ক অবরোধ গতিরোধক দাবি
মাগুরা-যশোর মহাসড়কের জাগলা বাজারের পার্শ্ববর্তী জায়গায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী চার ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে। এ সময় তারা ওই জায়গায় গতিরোধক নির্মাণের দাবি জানায়। স্থানীয় লোকজন জানান, জাগলা বাজারের অদূরে জাগলা হেলালউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় আবদুল কুদ্দুস মোল্লা (৭৫) নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ওই জায়গায় একটি গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের দাবি জানায়। তবে প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে বেলা একটার দিকে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেয়।জাগলা বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘গত এক বছরে এখানে সড়ক দুর্ঘটনায় ১২ জন মারা গেছে। আগেও আমরা এখানে গতিরোধকের জন্য দুইবার আন্দোলন করেছি।’ মাগুরা পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ওই জায়গায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আগেও একই দাবিতে আন্দোলন করেছে। গতিরোধক নির্মাণে সড়ক ও জনপথ সিদ্ধান্ত নেবে। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কবির হোসেন গতকাল বলেন, ‘জাতীয় বা আঞ্চলিক মহাসড়কে গতিরোধক নির্মাণ নিষিদ্ধ। আমরা স্থানীয় লোকজনের দাবি এবং প্রয়োজনীয়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অনুমতি পেলেই আমরা গতিরোধক নির্মাণ করব।’