মাগুরায় সড়ক দুর্ঘটনায় নির্মাণশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের পারনান্দুয়ালি পল্লী বিদ্যুত্ অফিসের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে আজ বুধবার সকালে আলমসাধুর সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। 

হতাহত সবাই আলমসাধুর যাত্রী ও নির্মাণশ্রমিক। নিহত শ্রমিকের নাম লাল্টু মিয়া (৪০)। তিনি মাগুরা সদর উপজেলার রাউতাড়া বামনপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার রাউতাড়া এলাকা থেকে আটজন নির্মাণশ্রমিক ইঞ্জিনচালিত আলমসাধুতে করে রামনগর বাজার এলাকায় কাজে যাচ্ছিলেন। সকাল পৌনে নয়টার দিকে পল্লী বিদ্যুত্ অফিসের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে আলমসাধুটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে লাল্টু মিয়া মারা যান।

দুর্ঘটনায় আহত সাত শ্রমিক হলেন মশিয়ার রহমান (৫০), জাফর আলী (২২), ইকবাল হোসেন (৩০), মুজিবর রহমান (৪৫), পাভেল হোসেন (২৫), আনোয়ার হোসেন (৪৫) ও বাচ্চু মিয়া (৩২)।

এঁদের সবার বাড়ি রাউতাড়ার বাঁশতৈল গ্রামে। আহত ব্যক্তিদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে মশিয়ার রহমান ও বাচ্চু মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) একরাম হোসেন প্রথম আলোকে বলেন, পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ওই আলমসাধুতে করে নির্মাণশ্রমিকেরা ঢালাইয়ের কাছে ব্যবহূত মিক্সার মেশিন নিয়ে যাচ্ছিলেন। পিকআপ চালক পলাতক। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।