মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার বারমাইল এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে নৈশকোচের সংঘর্ষ হয়েছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ বুধবার ভোরে মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে বিজিবির সদস্য জুয়েল রানার (৩৫) পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরডাঙ্গা গ্রাম। বাবা রেজাউল হক। জুয়েল খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত হওয়া অপর ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০।

আহত হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত হওয়া ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন।

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওজিয়ার রহমান প্রথম আলোকে বলেন, নষ্ট হওয়া মালবাহী ট্রাকটি সড়কের পাশে মেরামত করা হচ্ছিল। ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে মেহেরপুরগামী জেআর পরিবহনের একটি নৈশকোচ ট্রাকটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনা সম্পর্কে আহত হওয়া যাত্রী আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার সময় বাসের যাত্রীদের প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। চালকও সম্ভবত ঘুমের ঘোরে বাসটি চালাচ্ছিলেন।